রোমের মেয়রের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ

0
74

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ইতালির রোমে নগরীর মেয়র রবার্তো গুয়ালটিয়েরির সাথে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোমের মেয়রকে বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা করার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, “ইতালীয় সমাজে বাংলাদেশি প্রবাসীদের সফল সাংস্কৃতিক অন্তর্ভুক্তি ও অবদান যেমন প্রশংসনীয়, তেমনি তারা বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশি অভিবাসীদের ভালোভাবে দেখভাল করার জন্য আপনাকে ধন্যবাদ।”

মেয়র গুয়ালটিয়েরি উত্তরে রোমের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনে যোগদানের পর তিনি গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করেন। ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগদানকারী বিশ্ব নেতাদের মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ইতালির রাজধানী রোমে পৌঁছান।