সচিবালয় অভিমুখে শিক্ষকদের ‘মার্চ’ শুরু, ৩ দফা দাবিতে অনড়

0
32

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে হাজার হাজার শিক্ষকের সমাবেশ দেখা গেছে, যারা কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা কোনো শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হারকে তারা ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ মনে করেন। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন।

জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, তাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু হবে। তিনি হুঁশিয়ারি দেন যে, রোববার শিক্ষকদের ওপর পুলিশ হামলা করেছিল, আজ আবার হামলা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর আগে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। রোববার ও সোমবার রাতভর তারা কেন্দ্রীয় শহিদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।