টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোর দক্ষিণ-পূর্ব এবং মধ্যাঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এখনো অন্তত ৬৫ জন নিখোঁজ রয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।
মেক্সিকোর দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লাউরা ভেলাসকেজ জানিয়েছেন, প্রবল বর্ষণের কারণে সৃষ্ট এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে ভেরাক্রুজ, হিদালগো ও পুয়েবলা প্রদেশে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্যা ১৭ জন বেড়েছে, যা দুর্যোগের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে।
বন্যার পানিতে নদীগুলো গ্রামাঞ্চল প্লাবিত করেছে, ভূমিধসের সৃষ্টি করেছে এবং সড়ক ও সেতু ভেসে গেছে। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম জানিয়েছেন, হাজারো সেনা, নৌযান, বিমান ও হেলিকপ্টার উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছাতে ১০ হাজারেরও বেশি সেনা সদস্য, উদ্ধার সরঞ্জাম ও যানবাহন মোতায়েন করা হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, বন্যায় গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সোয়া ৩ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।