রোমে ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

0
27

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (অক্টো ১৪, ২০২৫) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, আজ ডব্লিউএফএফে দেওয়া প্রধান বক্তার বক্তব্যে ড. ইউনূস বাংলাদেশের খাদ্য সুরক্ষা এবং কৃষি খাতে অর্জিত অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ ছোট ভূমির দেশ, আয়তনে ইতালির অর্ধেক। কিন্তু আমরা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, পাশাপাশি আশ্রয় দিচ্ছি মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে।” তিনি আরও বলেন, “আমরা আমাদের প্রধান খাদ্যশস্য ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। আমাদের কৃষকেরা ফসল চাষের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছেন এবং আমরা ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি।”

ড. ইউনূস বাংলাদেশের কৃষিখাতে সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, “আমরা কৃষক মেকানাইজেশনে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়েছি। শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছি। মাটি, পানি ও জীববৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে খাদ্যতালিকা বৈচিত্র্যময় হয়েছে এবং শিশুদের খর্বতা কমেছে। এর ফলে আমাদের কৃষি আরও সবুজ হয়েছে।” তিনি আরও আনন্দ প্রকাশ করে জানান যে, ২০১৬ সালে “ফুড অ্যান্ড অ্যাগ্রিকালাচারাল অর্গানাইজেশন (এফএও)” কর্তৃক গঠিত “নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস”, যার তিনি একজন সদস্য, সেটি এখন এফএও-এর একটি মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তিনি আশা করেন এটি ভবিষ্যতে আরও নতুন মাইলফলক সৃষ্টি করবে।