আজ শাহবাগ অবরোধ: শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি তৃতীয় দিনে গড়াল

0
89

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ বুধবার (১৫ অক্টোবর) তৃতীয় দিনে গড়িয়েছে। দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় শিক্ষক নেতারা একই দাবিতে আজ দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি (ব্লকেড) ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি সারা দেশের শিক্ষক-কর্মচারীদের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিজয় আমাদের সুনিশ্চিত।” এর আগে সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনরত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করে জানান, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলনের পরিধি ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে।

শিক্ষকরা জানিয়েছেন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক শিক্ষক অবস্থান করছেন। তারা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না। তবে, তারা বিদ্যালয়ে উপস্থিত আছেন এবং সারা দেশের শিক্ষকরাও শ্রেণিকক্ষে প্রবেশ না করে আঙিনা ও শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয় সোমবার থেকে। এর আগে রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছিল। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি আরও জোরদার করা হবে।