‘কথার কথা নয়’ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

0
45

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুনরায় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। তিনি জোর দিয়ে বলেন, “এটি কথার কথা নয়। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই।”

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা নিশ্চিত করে বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার অবশিষ্ট মতানৈক্য নিরসন এবং সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত চূড়ান্ত করতেই এই জরুরি বৈঠক ডাকে জাতীয় ঐকমত্য কমিশন।

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন।