ভাইরাল ভিডিওর হোতা ‘রাসেল-ফয়সাল’ বাহিনীর ৩ জন গ্রেফতার

0
53

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ভাইরাল হওয়া অস্ত্র চালানোর প্রশিক্ষণ ভিডিওর ঘটনায় জড়িত ‘রাসেল-ফয়সাল’ বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন: রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮), তারেক খান (৩০)

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ঢাকা জেলা পুলিশের সহায়তায় ওই ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী মূল অভিযুক্ত রাসেল হাওলাদার এবং তার দুই সহযোগী সাখাওয়াত ব্যাপারী ও তারেক খানকে গ্রেফতার করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আসামি রাসেল হাওলাদারের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। প্রায় এক বছর আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, চার যুবক হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন ও প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের মধ্যে দু’জনের হাতে দুটি আগ্নেয়াস্ত্র ছিল। ভিডিওতে তাদের কথোপকথন ছিল এমন:

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।”
জবাবে অন্যজন বলেন, “দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না।”
এরপর আরেকজন বলেন, “লকটা খুলে টিপ দিলেই গুলি বের হইব।”
একপর্যায়ে একজন যুবক আকাশের দিকে গুলি চালানোর ভঙ্গি করেন। পুলিশ ধারণা করছে, তাদের মধ্যে একজন পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।