ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন যে, মসজিদ মুসলিম সমাজের হৃৎপিণ্ড, আর এটিকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সময়োপযোগী করা হচ্ছে। তিনি ঘোষণা দিয়েছেন, চলতি মাসেই (অক্টোবর) মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশিত হবে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, সব অংশীজনের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে, যা দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। তিনি নিশ্চিত করেন যে, এই নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত হবে।
এর আগে, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম কর্মশালায় মসজিদ ব্যবস্থাপনা (সংশোধিত) নীতিমালা ২০২৫-এর খসড়া উপস্থাপন করেন।