মিরপুরের অগ্নিকাণ্ড: নিহতদের পরিবারকে ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা

0
40

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা রাইজিং ফ্যাশন এবং কেমিক্যাল গুদাম কসমিক ফার্মায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়। এই অর্থ সহায়তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দেওয়া হবে।

মন্ত্রণালয় থেকে এই অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ দেওয়ার জন্য ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।

কমিটি যেসব বিষয় খতিয়ে দেখবে:

  • দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করা।

  • দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ।

  • আহত ও নিহতদের তালিকা তৈরি করা।

  • পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা।

  • ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগর এলাকায় সাততলা বিশিষ্ট একটি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট ১৬ জন নিহত হন। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।