যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ-মন্দিরার ‘নীলচক্র’

0
56

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর অভিনীত সিনেমা ‘নীলচক্র’ উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটি এবার ১৭ অক্টোবর এই দেশ দুটিতে মুক্তি পাবে।

‘নীলচক্র’ ছবিটি পরিবেশনা করছে বায়স্কোপ ফিল্মস। শুধু যুক্তরাষ্ট্রেই নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোসহ মোট ২৪টি শহরে এটি মুক্তি পাচ্ছে। এছাড়াও কানাডাতেও একাধিক শহরে ছবিটি দেখা যাবে। এর আগে অর্ধশতাধিক বাংলা ছবি উত্তর আমেরিকায় মুক্তি দিয়েছে এই প্রতিষ্ঠান।

পরিবেশক প্রতিষ্ঠানের কর্ণধার রাজ হামিদ বলেন, “আমরা প্রথম লাস ভেগাসে ছবিটার প্রিভিউ করি। ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করা মন্দিরা চক্রবর্তী আমার মতে নেক্সট সুপারস্টার। এই ছবিটির প্লটও ভিন্নধর্মী। দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

‘নীলচক্র’-এর গল্প অত্যাধুনিক প্রযুক্তি এবং এর ভেতরে লুকিয়ে থাকা ফাঁদ নিয়ে। ছবির চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা, আর পরিচালনা করেছেন মিঠু খান। ছবিটি প্রযোজনা করেছেন এনায়েত আকবর।

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ওভারসিজ রিলিজ প্রসঙ্গে বলেন, “নিউইয়র্কসহ উত্তর আমেরিকার দর্শকেরা অনেকদিন ধরেই জানতে চাইছিল ছবিটি কবে মুক্তি দেয়া হবে। অবশেষে বায়স্কোপের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিটার গল্প একই সাথে বিনোদন ও সোশ্যাল বার্তা দেবে।”

ছবিটির অফিশিয়াল প্রিমিয়ার নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।