টানা তিন জয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে ভালোভাবেই ছুটছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। মঙ্গলবার (১৪ অক্টোবর) হাঙ্গেরির বিপক্ষে জয় পেলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো উয়েফা নেশন্স লিগ চ্যাম্পিয়নদের, কিন্তু যোগ করা সময়ের গোলে তাদের অপেক্ষা বাড়ল। লিসবনের হোসে আলভালাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে শেষ হয়েছে।
বিশ্বকাপে ওঠার অপেক্ষা বাড়লেও এই ম্যাচে পর্তুগিজ সুপারস্টার রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। পর্তুগালের দুটি গোলই আসে এই তারকার পা থেকে। খেলার ৮ মিনিটে হাঙ্গেরি প্রথম গোল করলেও, ২২ মিনিটে রোনালদো গোল করে পর্তুগালকে সমতায় ফেরান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে তিনিই ফের দলকে লিড এনে দেন। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ৪১ গোলের মালিক বনে গেলেন সিআরসেভেন।
এতদিন পর্যন্ত বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল গুয়াতেমালার কিংবদন্তি ফুটবলার কার্লোস রুইজের (৪০) দখলে। প্রথম গোলের পর রুইজকে স্পর্শ করেন রোনালদো এবং পরের গোলেই টপকে যান। বিশ্বকাপ বাছাইয়ের ৫১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা এখন ৪১। এছাড়াও, ১০০০ গোলের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯৪৮।
ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত পর্তুগাল ২-১ গোলে এগিয়ে ছিল, কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই হাঙ্গেরিকে সমতায় ফেরান ডমিনিক সোবোসলাই, ফলে রবার্তো মার্টিনেজের দলের উদযাপনে ভাটা পড়ে।
বিশ্বকাপ বাছাইয়ের ‘এফ’ গ্রুপে পর্তুগাল ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। টানা তিন জয়ের পর গতকালই প্রথম তারা ড্র দেখল। দুইয়ে থাকা হাঙ্গেরি সমান ম্যাচে ৫ পয়েন্ট পেয়েছে। এছাড়া আয়ারল্যান্ডের ৪ এবং আর্মেনিয়ার পয়েন্ট ৩। নভেম্বরে আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে পর্তুগালের। ওই সময়ই তারা ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করার সম্ভাবনা রেখেছে।
৪১ বছরের দিকে ছুটে চলা রোনালদোর নজরে এখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ।