উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৬২.৫৭ শতাংশ। মোট ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ও সর্বোচ্চ ফলাফলের দিক দিয়ে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। প্রাপ্ত জিপিএ-৫ এর মধ্যে মেয়ে পরীক্ষার্থীরা পেয়েছে ১,২৭৪টি এবং ছেলে পরীক্ষার্থীরা পেয়েছে ৪৫৭টি।
গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন। তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন, যার মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন। এরমধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার ৪৮৭ জন। বোর্ডের অধীনে মোট কলেজের সংখ্যা ছিল ৩৪৯টি এবং পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪৪টি কেন্দ্রে।
তবে ফলাফলে একটি উদ্বেগজনক চিত্র দেখা গেছে—বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২টি কলেজে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ফলাফলকে ‘সন্তোষজনক’ হিসেবে উল্লেখ করে বলেন, “গত বছর পাসের হার বেশি থাকলেও এ বছর তুলনামূলকভাবে কম। তবে যারা নিয়মিত পড়াশুনা করেছে, তারাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে।” তিনি আরও জানান, যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।