চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর সেক্টরে অবস্থিত অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৯ তলা ভবনটির ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে কারখানাটিতে কতজন শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছেন কি না, তা জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন গণমাধ্যমকে জানান, ইপিজেডের ভেতরে যে কারখানায় আগুন লেগেছে, সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।