পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত

0
29

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১৫ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে গেলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহত ৪ জনকে সোয়াতে স্থানান্তর করা হয়েছে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছেন। তারা সবাই সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা এবং পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার পরপরই রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

পাকিস্তানে মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, খারাপ সড়ক ও ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতার কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে।

সাম্প্রতিক মাসগুলোতেও বেশ কয়েকটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে:

  • গত মাসে: খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানে ব্রেকফেল হওয়া একটি ট্রাকে অন্তত ১১ জন নিহত ও ৩ জন আহত হন।

  • ১১ সেপ্টেম্বর: মানসেহরায় একটি জিপ খাদে পড়ে ২ নারী নিহত ও ৪ জন আহত হন।

  • তার দু’দিন আগে: হারিপুরে হাজারা মোটরওয়ে এলাকায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।

সূত্র: ডন