শ্রমিক বিক্ষোভের কারণে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার প্যাসিফিক গ্রুপের আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এই সিদ্ধান্ত জানানো হয় এবং এটি শনিবার (১৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো: প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন ও জিন্স ২০০০।
কারখানা বন্ধের নোটিসে কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৪ অক্টোবর থেকে কিছু শ্রমিক বেআইনিভাবে কর্মবিরতি পালন করে। বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা কাজে ফেরেনি। বরং ১৫ ও ১৬ অক্টোবরও উচ্ছৃঙ্খল আচরণ করে এবং নিজেদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়। বিজ্ঞপ্তিতে শ্রমিকদের এই আচরণকে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯’ অনুযায়ী বেআইনি ধর্মঘট হিসেবে গণ্য করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতিতে কারখানার কার্যক্রম চালু রাখা অসম্ভব হয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৯ অক্টোবর প্যাসিফিক গ্রুপের শ্রমিকেরা পুলিশের হয়রানির অভিযোগে প্রথম বিক্ষোভ করে। এরপর বুধবার (১৪ অক্টোবর) থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার ইপিজেডের বিভিন্ন সেক্টরে প্যাসিফিক গ্রুপের কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা, যার ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগও উঠেছে। প্যাসিফিক গ্রুপের চিফ অপারেটিং অফিসার সুহৃদ চৌধুরী নিশ্চিত করেছেন, বৃহস্পতিবারের বিক্ষোভের পর সাময়িক ছুটি ঘোষণা করা হলেও, রাতে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও এই গ্রুপের শ্রমিক আন্দোলনে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।