মা ইলিশ সংরক্ষণ অভিযান: ১০৪৭ জনকে কারাদণ্ড, জব্দ ৪২৮ লাখ মিটার জাল

0
55

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” চলমান রয়েছে। এই বিশেষ অভিযান ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে।

এই সময়কালে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা, নিষিদ্ধ জাল ও ইলিশ জব্দ, জরিমানা এবং আইনি পদক্ষেপসহ ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পর্যন্ত পরিচালিত অভিযানের ফলে:

  • মোট ৫০৮৫ টি অভিযান ও ১১৭৫ টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩০১টি মামলা দায়ের করা হয়েছে।

  • আইন ভঙ্গের অপরাধে ১০৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

  • ৪২.৪৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

  • ৪২৮.৪৭ লক্ষ মিটার জাল এবং ৫৭.১ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

  • নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি নিলামে বিক্রয়ের মাধ্যমে ৩১.১২৮ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ আহরণ নিষিদ্ধকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৬,২০,১৪০ জন জেলেকে ২৫ কেজি হারে মোট ১৫,৫০৩ মে. টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে, যার মধ্যে ৯৯.৩৪% (১৫৪০০.৮৫ মে. টন) চাল ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে।

অভিযান চলাকালে মেহেন্দিগঞ্জ, হিজলা ও ভেদরগঞ্জ উপজেলায় একজন সহকারী কমিশনার (ভূমি), মৎস্য অধিদপ্তরের দুইজন কর্মকর্তা, নৌ পুলিশের একজন সাব-ইন্সপেক্টর এবং তিনজন কনস্টেবলসহ মোট নয় জন সদস্য আহত হয়েছেন।

এই অভিযানকে সহায়তা দিতে “ইন এইড টু সিভিল পাওয়ার”-এর আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীও যুক্ত রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর, কোম্পানীগঞ্জ, রায়পুর, হিজলা, শিবচর ও শ্রীনগর উপজেলায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া, গভীর সমুদ্রে দেশি-বিদেশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যুদ্ধজাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। আকাশপথে নজরদারির জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে এ পর্যন্ত ৩টি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।