সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ টাইগার কোচ ফিল সিমন্সের

0
50

মাঠের ক্রিকেটে খারাপ সময় কাটানোর পাশাপাশি ক্রিকেটারদের মাঠের বাইরে সমর্থকদের অপ্রীতিকর আচরণের মুখোমুখি হতে হওয়ায় অসন্তুষ্ট টাইগার হেড কোচ ফিল সিমন্স। তিনি জাতীয় দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরার পর ক্রিকেটাররা বিমানবন্দরে সমর্থকদের ‘ভুয়া-ভুয়া’ স্লোগান, গালিগালাজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হন।

তবে, ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ হওয়ার পর মাঠে জবাব দেওয়ার বদলে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানানোর বিষয়টিই সিমন্স পছন্দ করছেন না।

শুক্রবার দুপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, “আমি প্রথমত খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু করার বিষয়ে একমত নই। একজন ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা, আপনি যা চান তা বলার অধিকার আছে। কিন্তু একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে, বাংলাদেশের একজন জাতীয় খেলোয়াড় হিসেবে, আমার খেলোয়াড়দের সেখানে থাকা উচিত নয়।”

অতি সম্প্রতি আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে উশৃঙ্খল জনতা বাঁহাতি টপঅর্ডার ব্যাটার নাইম শেখসহ একাধিক ক্রিকেটারের গাড়ি আটকে আপত্তিকর কথা বলে নাজেহাল করে। এর উত্তরে নাইম শেখ তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টটি ফেসবুকে সাড়া জাগালেও হেড কোচ সিমন্স এতে মোটেই খুশি হননি।

তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, মাঠের বাইরের কোনো ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট না করে মাঠে মনোযোগ দেওয়াই শ্রেয়। তাই তাঁর সরাসরি মন্তব্য: “আমি চাই না আমার খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছুর উত্তর দিক।”