খুলনা কারাগারে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন

0
55

খুলনার জেলা কারাগারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এই সংঘর্ষে কয়েকজন বন্দি আহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘটনার পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কারা সূত্র জানায়, কারাগারে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী দুটি গ্রুপ, ‘বাবু গ্রুপ’ এবং ‘শিমুল-কালা লাভলু গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। শনিবার বিকেলে এই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বন্দিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় আধঘণ্টা ধরে এই সহিংসতা চলে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কারাগারের সামনে উপস্থিত হন। তবে তারা ভেতরে প্রবেশ করেননি। এরপর কারা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করে।

খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. নাসির উদ্দিন সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, বাবু ও লাভলু গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, সংঘর্ষে কয়েকজন বন্দি সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানও বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগারে দুই মাদক ব্যবসায়ীর গ্রুপের মধ্যে মারামারি হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।