বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আটক ট্রলারটিকে বাগেরহাটের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয় এবং রাতে তা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ‘এফ.বি. শুভযাত্রা’ নামের ওই ভারতীয় ট্রলারটিকে আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন। ট্রলারটিতে থাকা ১৪ জন ভারতীয় জেলে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করছিলেন। আটক হওয়া জেলেরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।
পরে নৌবাহিনীর অপর জাহাজ বানৌজা বিষখালী শনিবার বিকেল সাড়ে ৫টায় ট্রলারটিকে মোংলায় নিয়ে আসে।
মৎস্য কর্মকর্তা আরও জানান, আটক ট্রলারটিতে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ রাতেই মোংলার ফেরিঘাটে উম্মুক্ত নিলামে বিক্রি করা হবে। এই মাছ বিক্রির অর্থ সরকারের রাজস্ব খাতে জমা হবে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন এবং মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের করা হবে। রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছর ১৪ জুলাই দুইটি এবং ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের কারণে আটক করা হয়েছিল।