সরকারকে না জানিয়ে কিছু আমলা পেছনে থেকে নানা সমস্যা তৈরি করছেন বলে অভিযোগ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমলারা অন্তর্বর্তী সরকারের জন্য নতুন নতুন সমস্যা তৈরি করছেন।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন করপোরেশনে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন।
নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে দুটি জেলার বাসিন্দাদের আন্দোলনের প্রসঙ্গ টেনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কিছু না বলার আগেই আমলারা নিজেদের মতো অনেক কিছু করে ফেলতে চান।
তিনি মন্তব্য করেন, কুমিল্লা ও নোয়াখালী বিভাগের দাবির পেছনে প্রশাসনে নতুন নতুন পদ সৃষ্টির অভিসন্ধি রয়েছে। তিনি জানতে পেরেছেন যে, আমলারা সরকারকে না জানিয়েই এ নিয়ে কমিটিও করে ফেলেছেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্ট করে জানিয়েছেন যে, নতুন কোনো বিভাগ সৃষ্টির পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হলো: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঘুষ কমানো, ভালো সেবার নিশ্চয়তা।
তিনি জোর দিয়ে বলেন, “কুমিল্লা নতুন বিভাগ হবে, নাকি নোয়াখালী নতুন বিভাগ হবে, সেটি মানুষের জীবনের সাথে সম্পর্কিত নয়। এমনকি গণতান্ত্রিক উত্তরণে সরকারের যে সংস্কার কর্মসূচি, তার সঙ্গেও সম্পর্কিত নয়।”
অন্তর্বর্তী সরকারের ‘শেষ সময়ে’ এসে দাবিদাওয়ার আন্দোলন বেড়ে যাওয়ার দিকটি দেখিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “এখন শেষ সময় বলে না অনেকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আসছেন। তাঁদের মধ্যে একটা ধারণা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের তিন মাস আছে, এই শেষ সময় যত দূর পারো দাবি তুলতে হবে।”