এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭: চাইনিজ তাইপের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

0
42

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ নারীদের ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাইফুল বারী টিটুর দল চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে। টানা দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে তাইপে।

জর্ডানের আকাবা স্টেডিয়ামে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চাইনিজ তাইপে ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায়।

চতুর্থ মিনিটে রক্ষণভাগের ভুলে বিপদ ডাকে বাংলাদেশ। বক্সের ভেতরে পেছন থেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে মেরে বসেন ডিফেন্ডার সুরভী রানী, যার ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সফল স্পট কিকে গোল করেন উ চাই জুয়াং।

পিছিয়ে পড়ার পরও বাংলাদেশ আক্রমণে ওঠার চেষ্টা করে, বিশেষ করে বাঁ প্রান্ত দিয়ে মামনি চাকমা একাধিকবার আক্রমণ গড়ে তোলেন। তবে তার ক্রস বা পাসগুলো বেশিরভাগ সময় ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতিকে খুঁজে পায়নি। প্রথমার্ধেই বাংলাদেশের দুর্ভাগ্য। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চাইনিজ তাইপে। এর দুই মিনিট পর মামনি চাকমার ক্রসে প্রীতি জালে বল ঠেললেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

প্রায় মাঝ মাঠ থেকে নেওয়া ফ্রি কিক শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন চুং উন চেইন। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর চাইনিজ তাইপে আরও তিন গোল করে। ৬৬ মিনিটে ইয়াং ই-আইয়ের প্লেসিং শট জালে জড়ালে বাংলাদেশের ফেরার সম্ভাবনা আরও ফিকে হয়ে যায়।

যোগ করা সময়ে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ। ৫-০ গোলের এই বিশাল পরাজয়ে অর্পিতা বিশ্বাসদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়।