ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

0
43

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সরাইল উপজেলা সদরের হালুয়াপাড়া এবং ছোট দেওয়ান পাড়ার মধ্যে এই সংঘর্ষ চলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার এবং পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সূত্রপাত হয় সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মাঠের পুকুরে গোসল করা নিয়ে।

বিকালে হালুয়াপাড়া এলাকার তায়িন নামে এক যুবক গোসল করতে যান। একই সময় ছোট দেওয়ানপাড়ার দুই যুবক শাকিল ও শিপনও সেখানে গোসল করতে যান। গোসল করার সময় ঝাঁপ দেওয়ায় পানি ছিটকে পড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে শাকিল ও শিপন মিলে তায়িনকে মারধর করেন।

এই ঘটনার খবর পেয়ে হালুয়াপাড়া এবং ছোট দেওয়ানপাড়া এলাকার লোকজন দুই দলে বিভক্ত হয়ে টর্চলাইট জ্বালিয়ে সাড়ে তিন ঘণ্টা ধরে সংঘর্ষে লিপ্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাবাহিনীকেও খবর দেওয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও, আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।