শেরপুর জেলা শহরের নারায়ণপুর এলাকার এভারকেয়ার হাসপাতালে সিজার করার সময় এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আশামনি (২৫) সদর উপজেলার কুসুমহাটি এলাকার জাহিদ হোসেনের স্ত্রী। তবে, মৃত মায়ের নবজাতকটি সুস্থ আছে।
এই ঘটনার জেরে নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করে এবং হাসপাতালটি অবরুদ্ধ করে রাখে।
নিহতের স্বজনরা জানান, বিকেলে সিজার করার জন্য আশামনিকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এ সময় গাইনি চিকিৎসক ডা: লুৎফর রহমান তাকে সিজার করালে আশামনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা জানাজানি হওয়ার পর পরই রোগীর স্বজনরা হাসপাতালের সামনে এসে বিক্ষোভ শুরু করেন এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “আমরা ঘটনা জানার পর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা কী, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।