সিলেট বিভাগের সড়কপথ ও রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল খানের সভাপতিত্বে শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে। মানববন্ধনে ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম কয়েস সামি, বিশিষ্ট সংগঠক এডভোকেট জসিমউদ্দীন, জিয়াউল হক মুন্না, কুতুবউদ্দিন সোহেল, পল্টন থানা জামায়াতের আমীর শাহীন আহমেদ খান এবং পল্টন নাগরিক ফোরামের সভাপতি মোঃ ওবায়দুল্লাহ, মাধবপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রমুখ।
বক্তারা সরকারের উদ্দেশে হুশিয়ারি দিয়ে বলেন, সিলেট বিভাগের সাথে এমন বিমাতৃসুলভ আচরণ তারা মেনে নেবেন না। তারা অভিযোগ করেন, সিলেট বিভাগের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলা শুরু হয়েছে।
বক্তৃবৃন্দ ছয় লেনের কার্যক্রমের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং সিলেটের আকাশপথে প্রতি ঘন্টায় বিমানের ভাড়া বৃদ্ধিরও নিন্দা জানান।
নেতৃবৃন্দ ঘোষণা করেন, আগামী ত্রিশ দিনের মধ্যে সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নতি না ঘটলে সিলেটবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা এই বিশৃঙ্খলা থেকে উত্তরণের জন্য সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।