কুমিল্লায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, খাটের নিচে পাওয়া গেল ছুরি

0
82

কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার নিজ বাসা থেকে মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তার ফ্ল্যাটের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি রেসকোর্স মজুমদার ভিলায় একাই বসবাস করতেন।

জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মায়ের সঙ্গে থাকতেন। চার-পাঁচ দিন আগে তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান। এই সময় মিলন আক্তার একাই বাসায় ছিলেন। তার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপে, একজন নোয়াখালীতে এবং তানজিনা আক্তার নামে আরেকজন মেয়ে রেসকোর্স এলাকারই একটি ভাড়াবাসায় থাকেন।

বৃহস্পতিবার থেকে মেয়ে তানজিনা আক্তার তার মাকে ফোন করে না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি বাসায় আসেন। দরজা খুলে ভেতরে মা-কে দেখতে না পেয়ে তিনি খাটের নিচে রক্ত দেখে তাকিয়ে দেখেন তার মায়ের মরদেহ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নিহতের ভাতিজা মো. মাসুদ এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। তিনি বলেন, “গতকাল সকালে সাড়ে ৯টায় আমার সঙ্গে ফুফুর কথা হয়েছিল। আজ শুনি ফুফু মারা গেছে। খাটের নিচে ফুফুর মরদেহ কীভাবে গেলো? এটি নিশ্চয়ই হত্যাকাণ্ড। তা ছাড়া সেখানে একটি ছুরিও পাওয়া গেছে।”

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।