শুক্রবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র, বিশেষ করে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার আশা করলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন—তিনি এখন অস্ত্র সরবরাহ নয়, বরং যুদ্ধ শেষ করার উদ্যোগে বেশি আগ্রহী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দুই ঘণ্টার বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছি, যুদ্ধ এখনই থামাও। ফ্রন্টলাইনে থেমে যাও, সবাই ঘরে ফিরে যাও। হত্যাযজ্ঞ থামাও।” ট্রাম্প আরও ঘোষণা করেন, তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করবেন। এই বৈঠক ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে, নাকি শান্তিচুক্তির দিকে যাবে।
ট্রাম্পের মন্তব্য, “আমি মনে করি, জেলেনস্কি শান্তি চান, পুতিনও চান। এখন তাদের একটু মিলেমিশে চললেই হয়।” তবে জেলেনস্কি স্পষ্ট ভাষায় বলেছেন, “যুদ্ধবিরতি সহজ নয়। আমরাও চাই যুদ্ধ থামুক, কিন্তু পুতিন তা চায় না।”
বৈঠকে জেলেনস্কি জানান, ইউক্রেনের হাতে হাজার হাজার ড্রোন আছে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য, কিন্তু মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দরকার। তিনি বলেন, “আমাদের কাছে টমাহক নেই, তাই এগুলো দরকার।” জবাবে ট্রাম্প বলেন, “আমরা চাই না তোমাদের টমাহক প্রয়োজন হোক। আমরাও এগুলো নিজেদের সুরক্ষায় রাখতে চাই।”
বৈঠক শেষে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসূ ছিল, “কিন্তু আমি বাস্তববাদী। যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের তীব্রতা বাড়াতে চায় না।” তিনি প্রত্যাশা করেন, ট্রাম্প যেন পুতিনকে যুদ্ধ থামাতে চাপ দেন।
ট্রাম্পের শান্তির পথে অবস্থান ইউরোপীয় দেশগুলোতেও নতুন উদ্বেগ তৈরি করেছে। তারা আশঙ্কা করছে, ট্রাম্প হয়তো এমন একটি চুক্তি করবেন যা রাশিয়ার পক্ষে যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলেন, যদি এই আলোচনায় শান্তির সুযোগ থাকে, আমরা তা স্বাগত জানাই।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক জেলেনস্কির প্রত্যাশামতো হয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক মাইকেল কার্পেন্টার বলেন, “ওয়াশিংটনের বর্তমান নীতিতে রাশিয়ার ওপর বাড়তি চাপ দেওয়ার ইচ্ছা নেই। ট্রাম্পের অবস্থান সেটাই প্রমাণ করে।” বিশ্লেষক ম্যাক্স বার্গম্যানের মতে, পুতিন এখন মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে সময় ক্ষেপণ করছেন। ইউক্রেনের বিশ্লেষক মাইকোলা বিয়েলেস্কভ বলেন, টমাহক পেলে ইউক্রেন অন্তত রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে পারত।
ট্রাম্প অবশ্য বৈঠকের এক পর্যায়ে জেলেনস্কির পোশাকের প্রশংসা করে বলেন, “তিনি আজ খুবই স্টাইলিশ একটি গাঢ় রঙের জ্যাকেট পরেছে। আগেও অনেকে বলেছিল সে জ্যাকেট পরে না। এখন দেখুন, দারুণ লাগছে।”
এদিকে, রাশিয়া দাবি করেছে, তারা এ বছর ইউক্রেনের প্রায় পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। তবে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি বলেছেন, রাশিয়ার সর্বশেষ হামলা ব্যর্থ হয়েছে।