নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে কোম্পানীগঞ্জে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

0
55

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বসুরহাট জিরো পয়েন্টে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার’ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক ও দৈনিক ইনকিলাবের নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরুর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে “কুমিল্লা বিভাগ” করার যে ষড়যন্ত্র চলছে, তা নোয়াখালীর জনগণ কখনোই মেনে নেবে না।

বক্তারা দৃঢ়তার সঙ্গে জানান, যদি দেশে নতুন কোনো বিভাগ গঠন করা হয়, তবে নোয়াখালীকেই স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনসহ আরও অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাইন উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। কর্মসূচিতে বেশ কিছু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।