বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অর্গানোগ্রামে বড় ধরনের পরিবর্তন আসছে। এর অংশ হিসেবে সৃজন করা হচ্ছে বিপুল সংখ্যক নতুন পদ, যা প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে এই পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি মিলেছে। এখন প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে উত্থাপন করা হবে।
আগামীকাল সোমবার (২০ অক্টোবর, ২০২৫) প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে দুপুর আড়াইটায় এই বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, ধর্ম মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনবল কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যেসব পদে পরিবর্তনের প্রস্তাব রয়েছে:
পায়রা বন্দর: দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ৩৪০টি পদ থাকলেও, স্থায়ীভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি পদ এবং অস্থায়ীভাবে ৯৪টি পদসহ মোট ৯৫টি নতুন পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। অর্থবিভাগ ৫৬টি পদের বেতনস্কেলও নির্ধারণ করেছে।
কারিগরি শিক্ষা: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ কুমিল্লা, রাজশাহী ও যশোর সার্ভে ইনস্টিটিউটের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৪০টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ৫৭টি পদসহ মোট ৯৭টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় (ইসলামিক ফাউন্ডেশন): ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রকল্পের জন্য ১৩০টি পদে ভূতাপেক্ষ অনুমোদনের প্রস্তাব করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন ভূমি অফিস ও গোসারইরহাট উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসসহ মোট পাঁচটি অফিসের জন্য ১৫টি নতুন পদ সৃজন করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা: জাতীয় প্রাথমিক প্রশিক্ষণ একাডেমির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৩ সংশোধন করা হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য অফিস সহায়কের আটটি পদ আউটসোর্সিংয়ের পরিবর্তে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়: বস্ত্র অধিদপ্তরের আজিজুন নেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য ১৪টি পদ সৃজন করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা বিভাগ: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২৬টি পদ সৃজন করা হবে। এর মধ্যে করোনাকালে সৃজিত ১২টি পদ সমন্বয় করা হবে এবং বিদ্যমান ১৮টি পদ বিলুপ্ত হবে।
শিল্প মন্ত্রণালয়: শিল্প মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে স্থায়ীভাবে ছয়টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ৯টি পদসহ মোট ১৫টি পদ সৃজন করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ: সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের লক্ষ্যে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩৭টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে।
আগামীকাল সচিব কমিটির সভায় এই সকল প্রস্তাবনা উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।