ভোলার শশীগঞ্জ মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১৯টি মাছের আড়ত

0
54

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ধোঁয়া ও চিৎকারে ঘুম ভাঙার পর আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সাহায্য করেন।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।