‘শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’: সরোয়ার তুষার

0
43

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার মন্তব্য করেছেন যে, তার দলকে যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে নির্বাচন কমিশন (ইসি) ‘বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না’। তিনি অভিযোগ করেন, ইসি অযৌক্তিকভাবে প্রতীক নিয়ে তাদের সঙ্গে অন্যায় আচরণ করছে।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

সরোয়ার তুষার অভিযোগ করেন, নির্বাচন কমিশন তাদের চাওয়া প্রতীক না দিয়ে উল্টো অন্য একটি প্রতীক চাপিয়ে দিতে চাইছে। তিনি বলেন, “এই ধরনের নজিরবিহীন এবং জঘন্য কথা যেই কমিশন বলতে পারে, আমরা মনে করি, এই কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়।”

তিনি ইসিকে হুঁশিয়ার করে বলেন, “যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান, তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন।” তার দাবি, নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং অদৃশ্য শক্তির পরামর্শে জাতীয় নাগরিক পার্টিকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

শাপলা প্রতীক প্রসঙ্গে তুষার বলেন, এই প্রতীক বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে রয়েছে এবং এটি ভালোবাসার প্রতীক। কিন্তু নির্বাচন কমিশন এই প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যৌক্তিক বা আইনি ব্যাখ্যা দিতে পারছে না।

আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি সরকারের মনোযোগী হওয়া উচিত ছিল।

তিনি অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা “আমাদের আপামর শিক্ষক সমাজের প্রতি যথেষ্ট যত্ন এবং যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন না।”

শিক্ষা মন্ত্রণালয়কে হুঁশিয়ার করে তুষার বলেন, “যদি বাংলাদেশে থাকতে চান, যদি সম্মানের সঙ্গে থাকতে চান, তাহলে নির্বাচনের আগে, ক্ষমতা ছাড়ার আগে, তফসিল ঘোষণার আগে আমাদের শিক্ষকদের যত ন্যায্য দাবি আছে… তা মেনে তারপরই ক্ষমতা ছাড়তে হবে।” অন্যথায়, তিনি হুঁশিয়ারি দেন যে বাংলাদেশের শিক্ষক সমাজ তাদের কাঠগড়ায় দাঁড় করাবে।