মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় চা-দোকানিকে কুপিয়ে হত্যা, আটক ৩

0
42

পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বকেয়া টাকা চাওয়ায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে আলম হাওলাদার (৭০) নামের এক চা-দোকানি নিহত হয়েছেন। তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তাঁর চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে বড়শৌলা এলাকার সোনাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, বকেয়া টাকা নিয়ে তাঁর বাবার সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। তিনি বলেন, “আমার সামনে বসে অনেক দিন এ নিয়ে ঝগড়া হয়েছে”।

স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।