হংকং বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা,  নিহত ২

0
54

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে তুরস্কভিত্তিক একটি এয়ার কার্গো প্লেন অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল এয়ার এসিটি-এর মালিকানাধীন বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের একটি কার্গো বিমান। এটি দুবাই থেকে হংকং-এর চেক ল্যাপ কক আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল।

স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটের দিকে বিমানটি অবতরণের সময় রানওয়ের এক প্রান্তে থাকা একটি বাহনের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার ফলে দুইজন বিমানবন্দর কর্মী সমুদ্রে ছিটকে পড়েন। দ্রুত উদ্ধার করা হলেও, পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

বিমানটিতে থাকা চারজন ক্রু সদস্য অক্ষত আছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই হংকংয়ের সিভিল এভিয়েশন বিভাগ এবং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিস ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে। হেলিকপ্টার ও নৌযানের সহায়তায় কয়েক ঘণ্টার দীর্ঘ চেষ্টায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

এই দুর্ঘটনার কারণে বিমানবন্দরের উত্তর দিকের রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে অন্য দুটি রানওয়ে সচল রয়েছে বলে এয়ারপোর্ট অথরিটি হংকং জানিয়েছে। দুর্ঘটনার ফলে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ সকাল ১০টায় একটি সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।

সূত্র: বিবিসি