প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেঘনা আলমের

0
78

সাবেক ‘মিস বাংলাদেশ’ ও অভিনেত্রী মেঘনা আলম আবারো আলোচনায়। রোববার (১৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রশাসনের বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

পোস্টটিতে মেঘনা লিখেছেন, “এই দেশ এখন জালিমদের হাতে। প্রকৃত মানুষগুলো হয়ে গেছে নিপীড়নের শিকার”। তার দাবি, ক্ষমতাসীন ও প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। তিনি আরও বলেন, “আমাদের ইন্টেলিজেন্স, উপদেষ্টা এবং সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ঠেকাতে ব্যর্থ। নাটকীয়তা এতটাই দ্রুত ঘটে যে, রাতের আঁধারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধদের জেলে পাঠানো হয়”।

চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণার মামলায় মেঘনা আলমকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে নেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন।

জামিন পাওয়ার পর মেঘনা অভিযোগ করেছিলেন যে, গ্রেফতারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তার দাবি, তিনি একটি চক্রান্তের শিকার এবং মামলাটি সাজানো। তিনি দোষীদের বিচার দাবি করেছেন।

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে মেঘনা আলম প্রথমবার আলোচনায় আসেন। মডেলিং ও অভিনয়ের সাথে যুক্ত থাকলেও, সাম্প্রতিক আইনি জটিলতা এবং প্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগের কারণে তিনি বেশি আলোচিত হয়ে উঠেছেন।