ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ জন কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। এদের মধ্যে পাঁচজন ইয়েমেনি ও ১৫ জন আন্তর্জাতিক কর্মী ছিলেন। তবে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় এই অভিযানের পর রবিবার ১১ জনকে মুক্তি দেওয়া হয়।
জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা হুথি বিদ্রোহী ও অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করে আটক কর্মীদের দ্রুত মুক্তি এবং কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জাতিসংঘ কর্মকর্তা জানান, হুথি বাহিনী অভিযান চালানোর সময় কার্যালয়ের কম্পিউটার, ফোন ও সার্ভারসহ সব ধরনের যোগাযোগ সরঞ্জাম জব্দ করে নিয়ে গেছে।
আটক হওয়া কর্মীদের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে হুথিদের হাতে ৫০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী আটক আছেন।
হুথিরা অভিযোগ করেছে যে, আটক জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছে। তবে জাতিসংঘ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।