কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, রুমাইছা জেনারেল হাসপাতাল বন্ধের নির্দেশ

0
48

গাজীপুরের কালিয়াকৈরে ভুল চিকিৎসায় খাদিজা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় রুমাইছা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার ওই হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, খাদিজা বেগমের মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে জেলা সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরিচালনা করেন।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে যে, রোগীর রক্তের গ্রুপের সঙ্গে মিল না থাকা সত্ত্বেও ভিন্ন গ্রুপের রক্ত দেওয়া হয়েছিল। এছাড়া হাসপাতালের কোনো বৈধ কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সোমবার প্রসবজনিত কারণে খাদিজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাকালীন ভুলবশত অন্য রোগীর রক্ত তার শরীরে প্রবেশ করানো হয় বলে অভিযোগ ওঠে। এতে তার অবস্থা দ্রুত অবনতি হলে অন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “রুমাইছা জেনারেল হাসপাতালের কোনো বৈধ অনুমোদনপত্র নেই। তদন্তে গুরুতর অনিয়ম প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে হাসপাতালটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”