জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

0
50

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ভোটাভুটিতে শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর এই প্রার্থী নিম্ন ও উচ্চ—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। নিম্নকক্ষে তিনি ২৩৭ এবং উচ্চকক্ষে ১২৫ ভোট পান।

‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তাঁর মতোই দৃঢ় রক্ষণশীল রাজনীতিক হিসেবে পরিচিত।

জাপানে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। তাই তাকাইচির এই জয়কে দেশটির রাজনীতিতে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

তবে অনেক তরুণী তাকাইচির রক্ষণশীল মনোভাব নিয়ে সংশয়ে আছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, তাকাইচির রাজনৈতিক অবস্থান নারীর ক্ষমতায়নের চেয়ে পুরুষতান্ত্রিক কাঠামোকে বেশি সমর্থন করে বলে তাদের ধারণা।

গত পাঁচ বছরে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এমন এক সময়ে তিনি ক্ষমতায় এলেন, যখন এলডিপি বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে জনসমর্থন হারাচ্ছে।

চলতি মাসের শুরুতে এলডিপি নেতা নির্বাচিত হওয়ার পর তাকাইচি নতুন রাজনৈতিক জোট গঠনের দায়িত্ব পান। অবশেষে আজকের পার্লামেন্ট ভোটে দুই কক্ষেই জয়লাভ করে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি