ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ১১ জন আটক, বিপুল মাদক উদ্ধার

0
50

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুনপাড়া গ্রামের আমবাগান এলাকা থেকে ৫০৭ পিস ভায়াগ্রা এবং মাধবখালী গ্রামের মাল্টাবাগান এলাকা থেকে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনায় কোনো আসামি উপস্থিত ছিল না।

সীমান্তে অবৈধভাবে পারাপারের চেষ্টাকালে মোট ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে পুরুষ, নারী ও শিশু। প্রথম অভিযানে খোসালপুর গ্রামের বাঁশবাগান এলাকা থেকে ২ জন নারীকে আটক করা হয়। দ্বিতীয় দফায় একই এলাকায় ১ পুরুষ ও ১ নারীকে আটক করা হয়। এছাড়া বাঘাডাঙ্গা সীমান্ত থেকে গোপালগঞ্জ জেলার ১ পুরুষ ও ১ নারী, কুমিল্লাপাড়া সীমান্ত থেকে ১ তরুণ ও ১ নারীকে আটক করা হয়। সর্বশেষ মঙ্গলবার সকালে খোসালপুর সীমান্তের আরেক স্থানে মাগুরা জেলার ২ পুরুষ, ১ নারী ও ২ শিশুকে আটক করা হয়।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।