নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগ তুলে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা

0
55

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামে এক যুবককে স্থানীয়দের গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সোমবার (২০ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু হানিফ খুলনার বাগেরহাটের আবুল কালামের ছেলে এবং তিনি খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ইতু ভিলা ভবনের ১১ বছর বয়সী এক ভাড়াটিয়ার মেয়েকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে দারোয়ান আবু হানিফের বিরুদ্ধে। শিশুটির মা বিষয়টি সোমবার দুপুরে স্থানীয়দের জানালে, কয়েকজন যুবক হানিফকে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে পিটুনি দেয়।

নিহতের ভগ্নিপতি মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেন, সোমবার দুপুরে স্থানীয় যুবক অভিসহ আরও কয়েকজন তার বাড়িতে এসে গালাগালি করে এবং তাকে ধরে নিয়ে যায়। তিনি সেখানে তার শ্যালক আবু হানিফকে মারধর করার দৃশ্য দেখেন। তাকেও চড়-থাপ্পড় মারা হয় এবং এরপর হানিফকে অটোরিকশায় করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতালে গিয়ে তিনি হানিফের মৃতদেহ দেখতে পান।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহাদাৎ হোসেন জানান, সোমবার বিকাল ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় কয়েকজন যুবক হানিফকে হাসপাতালে নিয়ে আসে। হাতে-পায়ে ক্ষত থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হলেও তারা হানিফকে ফেলে পালিয়ে যায়। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগ তুলে কয়েকজন যুবক হানিফকে মারধর করেছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে, তিনি আরও জানান যে ওই শিশুকে ধর্ষণ বা এর চেষ্টার কোনো অভিযোগ তারা এখনো পাননি এবং তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।