মাদাগাস্কারে সামরিক অভ্যুত্থানের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

0
58

মাদাগাস্কারে জেন-জি প্রজন্মের তরুণদের আন্দোলনের মধ্যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী নেতা কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলোকে নিয়োগ দিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) এই নিয়োগের ঘোষণা দেন তিনি।

র‌্যান্দ্রিয়ানিরিনা বলেন, “রাজাওনারিভেলোর অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

গত শুক্রবার সেনা কর্মকর্তা র‌্যান্দ্রিয়ানিরিনা মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর আগে জেন-জি আন্দোলনের নেতৃত্বে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছিল, যেখানে সেনাবাহিনী বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়। এতে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বিমানে দেশ ত্যাগ করেন।

মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত ইউনিট ক্যাপসাটের সদস্য র‌্যান্দ্রিয়ানিরিনা এই অভ্যুত্থান পরিচালনা করেন। সাবেক প্রেসিডেন্ট রাজোয়েলিনা নির্বাসনে থেকেও পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে এই অভ্যুত্থানের নিন্দা করেছেন।

যদিও সেনাবাহিনীর মধ্যে কিছু বিভক্তি রয়েছে, তবুও দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালেও রাজোয়েলিনা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন।

তথ্যসূত্র: রয়টার্স