হাতিয়ায় অভিযান: ৫ ট্রলারসহ ৪৬ জেলে আটক, ২ টন ইলিশ জব্দ

0
54

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এতে পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় দুই টন ইলিশ।

সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল অংশ নেয় এবং নৌপুলিশ সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা পাঁচটি ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ট্রলারগুলো থেকে দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন আটক জেলেদের মধ্যে ৪১ জনকে দুই হাজার টাকা করে মোট ৮২ হাজার টাকা জরিমানা করেন। বাকি পাঁচজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।

জব্দ করা ইলিশ মাছ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”