দুই বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

0
29

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্যসহ মোট ছয় শিক্ষকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে পরিতোষ কুমার বিশ্বাসকে অবৈধভাবে উপপরিচালক ও পরিচালক পদে নিয়োগ দিয়ে সরকারের ১ কোটি ২৭ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

বুধবার (২২ অক্টোবর, ২০২৫) দুদকের প্রধান কার্যালয়ে এই মামলার অনুমোদন দেওয়া হয়। সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারা হলেন- অবৈধভাবে নিয়োগ পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পরিতোষ কুমার বিশ্বাস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক বেনু কুমার দে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব।

প্রতিবেদন সূত্রে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা এবং বয়সসীমা অতিক্রম করা সত্ত্বেও পরিতোষ কুমার বিশ্বাসকে অবৈধভাবে উপপরিচালক ও পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। অনুসন্ধানে দুদক দেখতে পায়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশ করে এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এই নিয়োগ দিয়েছেন, যা সরকারের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।