সালমানের মৃত্যৃর পর আমার অনেক ক্ষতি হয়েছে: ডন

0
46

বাংলা চলচ্চিত্রের সাড়াজাগানো নায়ক সালমান শাহর ‘রহস্যজনক মৃত্যু’র ঘটনা নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশে এই ঘটনায় এবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। ফলে সালমানের পরিবারের পক্ষ থেকে দায়ের করা এই হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন আসামি হিসেবে রয়েছেন।

এর আগে, পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই মামলার তদন্তে ইতি টেনেছিল। সেই সময় পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল— সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, হত্যা করা হয়নি।

পিবিআইয়ের এমন প্রতিবেদন প্রকাশের পর সালমান শাহ হত্যার সন্দেহভাজন আসামি খল অভিনেতা ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।”

ডন সেসময় আরও বলেছিলেন, “২৪টা বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ আমাকে নিয়ে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তার পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরে ছিলাম। সত্য কোনো দিন মিথ্যা হয় না। মিথ্যাকেও কোনো দিন জোর করে সত্যি বানানো যায় না।”

তিনি আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, “সালমান শাহ এ দেশের মানুষের কাছে একটি আবেগের নাম। মৃত্যুর এতগুলো বছর পেরিয়েও সে সবার কাছে জীবন্ত। আমি বহুবার ভেবেছি যদি এমন হতো মীরাকল ঘটে গেছে একটা। সালমান ফিরে এসেছে। আবার দুজন সিনেমা করতাম। এ দেশের মানুষ জানতো সালমান আমাকে কতোটা ভালোবাসে। সালমানের মৃত্যৃর পর আমার অনেক ক্ষতি হয়েছে। সেটা কেবল আমিই জানি। এটা আর কেউ উপলব্ধি করতে পারবেনা।”

তবে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি— এই দাবি করে চার বছর আগে (২০২১ সাল) পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন সালমানের মা নীলা চৌধুরী। সেই নারাজির প্রেক্ষিতেই সম্প্রতি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দেন আদালত। আদালতের এই আদেশে ডন আবারও মামলার আসামি হিসেবে অভিযুক্ত হলেন।