বিগত সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন। তার দাবি, এই কর্মকর্তারা অপরাধী হলে পালিয়ে যেতেন, যেমনটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার অন্যান্য পলাতক আসামিরা করেছেন।
বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এম সারোয়ার হোসেন জানান, “তারা অপরাধী হলে পালিয়ে যেতেন। যেমনটি শেখ হাসিনাসহ অন্যান্যরা পালিয়ে গেছেন।” তিনি জোর দিয়ে বলেন, এই কর্মকর্তারা কখনই গ্রেফতার ছিলেন না। “তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। তারা পালাননি। কারণ তারা হত্যা করেননি।”
তিনি আরও দাবি করেন, “যেমনটি আকবর, তারেক সিদ্দিকী ও মুজিব পালিয়েছেন।” আইনজীবী বলেন, সাবেক এক আইজিপির রাজসাক্ষীতে জানা যায়, গুম-খুনে শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিলেন।
আসামিপক্ষের এই আইনজীবী জানান, আত্মসমর্পনকারী সেনা কর্মকর্তাদের সাব-জেলে রাখা হবে। তিনি আরও বলেন, “ট্রাইব্যুনালে তারা বিচারের মুখোমুখি হওয়ার জন্যই আত্মসমর্পণ করেছেন।”
বর্তমান কর্মকর্তারা এখনও বহাল আছেন কিনা— এমন প্রশ্নের জবাবে এম সারোয়ার হোসেন বলেন, “আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”