ইউক্রেনে যুদ্ধবিরতি না দেওয়ায় ট্রাম্প-পুতিন বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত

0
24

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে রাশিয়ার অনীহার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর রয়টার্সের।

ওই কর্মকর্তা জানান, আসন্ন বৈঠক উপলক্ষে মস্কোকে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। কিন্তু রাশিয়া এতে রাজি না হওয়ায় বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। “নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই,” বলেন তিনি।

রয়টার্স জানায়, কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। সে সময় ইউক্রেনে যুদ্ধবিরতির শর্তে ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। তবে পরে মস্কো জানায়, সংঘাতের বর্তমান পর্যায়ে যুদ্ধবিরতি দেওয়া সম্ভব নয়। এরপরই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে তাঁর প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিলেন।

এর পর গত দশ মাসে কয়েক দফায় পুতিনের সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প। চলতি বছরের ১৫ আগস্ট আলাস্কায় দুই নেতার বৈঠক হলেও তা ফলাফল ছাড়াই শেষ হয়। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন, যা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হওয়ার কথা ছিল।

তবে যুদ্ধবিরতি ইস্যুতে একমত না হওয়ায় সেই বৈঠক স্থগিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি কোনো উদ্দেশ্যহীন বৈঠক করতে চাইনি, তাই আপাতত বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত নয়—আগামী কয়েক দিনে পরিস্থিতি পরিবর্তনও হতে পারে।”

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “মস্কো দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তুতি অব্যাহত রেখেছে।”

তথ্যসূত্র: রয়টার্স, হোয়াইট হাউস