নির্বাচনকালীন দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রতি সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “যে ধরনের দায়িত্বই পড়ুক না কেন, তা ন্যায়সংগতভাবে, আইনসম্মতভাবে ও প্রফেশনালি পালন করতে হবে। কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।”
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, “আমরা রুল অব ল’ চাই— ‘রুল বাই ল’ নয়। আইন শাসনের প্রতি যত বেশি শ্রদ্ধাশীল হবে জাতি, ততই সভ্য হবে। তাই আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল সংস্কৃতি তৈরি করতে হবে।”
সিইসি ইউএনওদের উদ্দেশে বলেন, “আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে সমন্বয়ের দায়িত্বে আছেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রেসাইডিং অফিসার, পোলিং অফিসার— সবার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে। এই সমন্বয়ই নির্বাচনের সফলতা নির্ধারণ করবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনও কোনো ধরনের অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কর্মকর্তাদেরও কোনো অন্যায় নির্দেশনা দেওয়া হবে না। প্রচলিত আইন অনুযায়ীই সব নির্দেশনা যাবে।”
কোনো সংকট দেখা দিলে তা সময়মতো মোকাবিলা করার পরামর্শ দিয়ে নাসির উদ্দিন বলেন, “ঘটনার পর নয়, বরং শুরুতেই উপস্থিত থেকে সমস্যা সামলাতে হবে। সংকট বড় হওয়ার আগেই তা ট্যাকেল করা জরুরি।”
প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, “শেখার শেষ নেই। এই প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে নিতে হবে এবং অর্জিত জ্ঞান সহকর্মীদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে।”
আরপিও (Representation of the People Order) সংশোধনের পর প্রশিক্ষণ ম্যানুয়াল আপডেট করা হবে জানিয়ে তিনি বলেন, “যদি কোনো বিষয় বাদ পড়ে, অনলাইনে সেই ঘাটতি পূরণ করা হবে।”
অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের চার কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।