শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামি খালাস

অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় রায় ঘোষণা

0
36

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় সাতক্ষীরা বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ মোট ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান।

উল্লেখ্য, এর আগে এই একই মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট।

অন্যদিকে, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত আরেকটি মামলায় (হামলার ঘটনায় দায়েরকৃত) হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজা থেকে এর আগে খালাস দেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। সড়কপথে যশোরে ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সে সময় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় সে সময় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল।