এশিয়া কাপ ট্রফি নিয়ে শেষ হচ্ছে না টানাপোড়েন: ট্রফি দিতে নাকভি’র নতুন শর্ত

0
37

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলেও এখনও ট্রফি বুঝে পায়নি ভারত। সেই ট্রফি নাকি রাখা আছে দুবাইয়ে আইসিসির দপ্তরে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরাসরি তাদের দপ্তরে ট্রফিটি পাঠানোর দাবি জানালেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি একটি নতুন শর্ত জুড়ে দিয়েছেন।

পিসিবি প্রধান মহসিন নাকভি ট্রফি তুলে দেবেন বলেছিলেন, কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেওয়ায় বিতর্কের সূত্রপাত হয়। নাকভিও তার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর বিসিসিআই ট্রফি চেয়ে নাকভিকে ইমেইল করে।

পাকিস্তানের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআইয়ের ইমেইলের জবাবে নাকভি জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনো ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দিতে চান। এই অনুষ্ঠানে ভারতের অন্তত একজন ক্রিকেটারের উপস্থিতি নিশ্চিত করতে বিসিসিআইকে বলেছেন এসিসি সভাপতি।

তবে ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, নাকভির এই শর্তে রাজি নয় বিসিসিআই। নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার অবস্থানে অনড় বিসিসিআই কর্তারা। তারা নাকভিকে পরিষ্কারভাবে সে কথা জানিয়েও দিয়েছেন। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভিকে ইমেইল করলেও এসিসি সভাপতি ভারতে ট্রফি পাঠাতে রাজি নন।

বিসিসিআই ছাড়াও শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও নাকভিকে ইমেইল করে ভারতকে ট্রফি হস্তান্তরের অনুরোধ করেছে।

ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সভা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো পথ নেই। এশিয়া কাপের ট্রফি নিয়ে এই টানাপোড়েন কবে শেষ হয়, সেটাই এখন দেখার বিষয়।