অপহরণের ৮ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্র রাকিবুল

0
84

কুমিল্লার মুরাদনগরে অপহরণের আট দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসানকে (১৫) উদ্ধার করা সম্ভব হয়নি। গত ১৫ অক্টোবর নিখোঁজ হয় সে। রাকিবুল উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দি গ্রামের মোল্লা বাড়ির মোহাম্মদ হাসানের একমাত্র ছেলে এবং ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সকালে রাকিবুল প্রতিদিনের মতো স্কুলে ক্লাস করতে যায়। ক্লাস শেষে সে আর বাড়ি ফেরেনি। বাবা-মা এবং বৃদ্ধ দাদি বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।

সন্তান নিখোঁজের পর দিগ্বিদিক ছুটতে থাকেন বাবা-মা। এরই মাঝে পরদিন রাতে ০১৩৪৪৮৩৫৪০০ নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অন্যপ্রান্তে নিখোঁজ রাকিবুলের কান্নার শব্দ শোনা যায়। রাকিবুলকে বলতে শোনা যায়, ‘বাবা আমাকে বাঁচাও’, ‘আমাকে মারধর করছে’।

কল দেওয়া ব্যক্তি রাকিবুলের বাবাকে বলেন যে বিকাশে ১২ হাজার টাকা পাঠালে রাকিবুলকে ঘোড়াশাল স্কুল মাঠে রাত দুইটার দিকে দিয়ে যাবেন। রাকিবুলের বাবা মোহাম্মদ হাসান তার বিকাশে থাকা চার হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর ফের কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রাকিবুলের বাবা মুরাদনগর থানা, কুমিল্লা পুলিশ সুপার এবং র‌্যাব-১১ কে অবহিত করেছেন।

রাকিবের মা রাবেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার একমাত্র ছেলেকে আপনারা উদ্ধার করে দেন।”

এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান জানান, “কল করা নম্বরটি বারবার লোকেশন চেঞ্জ করছে। আমরা আশা করছি খুব শিগগিরই ওই স্কুলছাত্র উদ্ধার হবে।”

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, “তারা অভিযোগ করেছে। আমরা ওই ছাত্রকে উদ্ধারে চেষ্টা করছি।”