জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করছে না, তাই অবিলম্বে কমিশন পুনর্গঠন প্রয়োজন।
বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন গণভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতার ঘাটতি স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, “কিছু দলের প্রতি কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং অন্য দলের প্রতি বিমাতাসুলভ মনোভাব দেখা যাচ্ছে। এতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন নিয়ে জনগণের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা সরকারের সঙ্গে আলোচনায় কমিশনের অতীত কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছি। যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছে, সেখানে নিরপেক্ষতার অভাব চোখে পড়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন অপরিহার্য; অন্যথায় এর দায় সরকারের ওপরই বর্তাবে।”
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ অনুযায়ী গণভোট ছাড়া নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সরকার জানিয়েছে, সংবিধান অনুযায়ী ইসি একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবে নির্বাচন সুষ্ঠু না হলে এর রাজনৈতিক দায়ভার সরকারের ওপরও পড়বে।”
প্রতীকের বিষয়ে প্রশ্ন করা হলে এনসিপি আহ্বায়ক বলেন, “প্রতীক না থাকলে আমরা কী নিয়ে ভোট করব? ‘শাপলা’ আমাদের দলের প্রতীক, এই প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব না।”