মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণে যুবক নিহত

0
42

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোরে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ভোরে খবর আসে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিস্ফোরণে একজন গুরুতর আহত হন। তবে ঘটনার বিস্তারিত কেউ জানাতে পারেনি।

নিহতের বন্ধুরা জানান, জাহিদ একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। ককটেলটি তার পায়ের কাছে বিস্ফোরিত হলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।